জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মোট জমাদানকৃত ২৭৬ টি মনোনয়নপত্র থেকে প্রার্থী তালিকায় ২০ টি মনোনয়নপত্র বাদ পড়েছে। এদের মধ্যে ভিপি প্রার্থী আব্দুল গফফার জিসান ও যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে প্রার্থী ও তানজিলা হোসাইন বৈশাখী বাদ পড়েছেন। তারা দুজনই শাখা ছাত্রদলের রাজনীতি করেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, আব্দুল গফফার জিসানের নিয়মিত ছাত্রত্ব না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। বাকি ১৯ জনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে বাকি ১৯ জন প্রার্থী যদি তাদের মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আপিল করেন তবে বেশিরভাগ প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেতে পারেন বলে সূত্র জানিয়েছে।
প্রার্থীতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, জাকসু নির্বাচনের জন্য আমদের কাছে যে মোট ২৭৬ টি মনোনয়নপত্র জমা পড়েছিলো তার মধ্যে ২০ টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের মধ্যে কারো কারো পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে ফলে তারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর বাইরে মনোনয়নপত্রে রেজিস্ট্রেশন নাম্বারসহ বেশ কিছু ভ্রান্ত তথ্যের জন্য কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।