রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের নতুন সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে, চলবে ২৬ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত।
বুধবার বিকেলে রাকসুর নির্বাচন কমিশনারদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৪ থেকে ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৭ ও ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর; প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
পরবর্তী তারিখগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি। তফসিল অনুযায়ী, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর; ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।