জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমকে ১৯-০৮-২০২৫ তারিখ পূর্বাহ্ন হতে ৩৬ (ছত্রিশ) মাসের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
তাছাড়া বিদায়ী ও নবনিযুক্ত সভাপতিদ্বয়কে দায়িত্ব হস্তান্তর/গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমানের নিকট প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. এ. কে. এম রাশিদুল আলম ইনসাইট ঢাকা ডটকমকে বলেন, একজন বিভাগের চেয়ারম্যানের কাজ হচ্ছে শিক্ষক শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে বিভাগের সার্বিক উন্নয়নে কাজ করা। আমিও সেটাই করার চেষ্টা করবো। আমাদের বিভাগের ডেভেলপমেন্ট একটিভিটিসগুলো এখনো অসম্পূর্ণ আছে। ২০১৫ সাল থেকে আমাদের ল্যাবরেটরি এখনো আল-বেরুনী হলের সামনে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, যেনো এই ডেভেলপমেন্টের কাজগুলো দ্রুত সম্পন্ন করা হয়।
তিনি আরও বলেন, আমার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের এবং একাডেমিক পরিবেশের উন্নয়নের জন্য কাজ করা। আমি এই বিভাগে প্রায় ২৩ বছর ধরে আছি। সুতরাং এই বিভাগ আমার পরিবারের অংশ আসলে। আমি এই পরিবারেরই অংশ।