বাংলা সংস্কৃতি ‘বারো মাসে তেরো পার্বণ’ এর ঐতিহ্যে সমৃদ্ধ। আর সকল উৎসবের মধ্যে পহেলা বৈশাখ অন্যতম। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ আবহমান বাংলার আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য উৎসব। গ্রাম থেকে নগর সর্বত্র লাল-সাদার রঙে রঙিন পরিবেশ, বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ইলিশ আর মেলার আনন্দে উদযাপিত হয় এই প্রাণের উৎসব, যা বাঙালির পরিচয় ও একতার প্রতিক। পহেলা বৈশাখ নিয়ে তারুণ্যের ভাবনা তুলে ধরেছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইনসাইট ঢাকার প্রতিনিধি শামিম রেজা।
আধুনিকতার ভিড়ে হারানো শৈশবের বৈশাখের খোঁজ
শৈশবের পহেলা বৈশাখ ছিল নির্মল আনন্দের এক স্বচ্ছ আয়না– নতুন পোশাকের গন্ধ, গ্রাম্য মেলার কোলাহল, পান্তা-ইলিশের স্বাদ আর আপনজনদের সঙ্গে কাটানো নির্ভেজাল সময়। তখন সুখ লুকিয়ে থাকত ছোট ছোট মুহূর্তে; কোথাও ছিল না কোনো কৃত্রিমতার ছোঁয়া। সকালবেলার মঙ্গল শোভাযাত্রার রঙিন আবহ, হাতে ঘুড়ি কিংবা বাঁশির সুর—সব মিলিয়ে দিনটি যেন এক টুকরো স্বপ্ন হয়ে ধরা দিত। সময় বদলেছে, বদলে গেছে বৈশাখের রূপও। আধুনিকতার ছোঁয়ায় এখন আনন্দের চেয়ে বেশি চোখে পড়ে ছবি তোলা আর সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়ার ব্যস্ততা। জীবনের তাড়না, প্রযুক্তির প্রভাব আর সময়ের সংকীর্ণতায় সেই আগের মতো নির্ভেজাল সুখ যেন কিছুটা আড়ালে সরে গেছে। তবুও পহেলা বৈশাখ প্রতি বছর ফিরে আসে নতুন আশার বার্তা নিয়ে। সে মনে করিয়ে দেয় সরল, সত্যিকারের আনন্দের সেই দিনগুলোর কথা। আমরা যদি একটু মন থেকে চাই, তবে আধুনিকতার ভিড়েও খুঁজে পেতে পারি সেই পুরোনো বৈশাখের উজ্জ্বল হাসি। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
সানজিদা , ১ম বর্ষ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, গণ বিশ্ববিদ্যালয়।
পহেলা বৈশাখ বাঙালির অস্তিত্বের চিরন্তন সম্মান
পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, আমাদের বাঙালি জীবনের এক অনন্য উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দিনে আমরা সবাই একসঙ্গে উদযাপনে মেতে উঠি। এটি শুধু একটি দিন নয়, বরং বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক উজ্জ্বল প্রতীক।
এই দিনটিতে ইতিহাস ও ঐতিহ্য যেন নতুন করে প্রাণ ফিরে পায়। লাল-সাদা পোশাকের সজ্জা, পান্তা-ইলিশের স্বাদ, নানা সাংস্কৃতিক আয়োজন এবং মঙ্গল শোভাযাত্রার রঙিন আবহ– সব মিলিয়ে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রকাশ ঘটে। গ্রামবাংলার মেলা থেকে শুরু করে শহরের জাঁকজমকপূর্ণ আয়োজন সর্বত্র ফুটে ওঠে বাঙালিয়ানা। পান্তা-ইলিশ কিংবা হালখাতার মতো রীতিনীতির মধ্য দিয়ে গ্রামীণ ও নাগরিক জীবনের এক আন্তরিক বন্ধন তৈরি হয়। হালখাতার মাধ্যমে ব্যবসায়ীরা নতুন হিসাবের সূচনা করে, যা আমাদের অর্থনৈতিক ও সামাজিক জীবনেরই এক গুরুত্বপূর্ণ অংশ। পহেলা বৈশাখ তাই শুধু উৎসবের আনন্দে সীমাবদ্ধ নয়; এটি অতীতের ঐতিহ্য ও বর্তমানের সংস্কৃতিকে একসূত্রে গেঁথে আমাদের জাতিসত্তার দৃঢ়তা ও সৌন্দর্যকে প্রকাশ করে। সত্যিই, পহেলা বৈশাখ আমাদের বাঙালির অস্তিত্বের চিরন্তন সম্মান।
মো. ইসমাইল হোসেন রাজু, ১ম বর্ষ, বাংলা বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়।
অর্থনৈতিক ও সামাজিক মেলবন্ধনে পহেলা বৈশাখের গুরুত্ব
পহেলা বৈশাখ বাঙালির এক সর্বজনীন উৎসব, যা জাতি, ধর্ম, বর্ণ ও পেশার ভেদাভেদ ভুলে মানুষকে একত্রিত করে। বাংলা নববর্ষের এই দিনটি আনন্দ-উদযাপনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
এদিনে কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ তাদের দৈনন্দিন ব্যস্ততা পেছনে রেখে একসাথে উৎসবে অংশ নেন। হালখাতা, বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রার মতো আয়োজন সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে। এর মাধ্যমে পেশাভিত্তিক দূরত্ব কমে এবং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্ক আরও সুদৃঢ় হয়। অর্থনৈতিক ক্ষেত্রেও পহেলা বৈশাখের গুরুত্ব উল্লেখযোগ্য। হালখাতার মাধ্যমে ব্যবসায়ী ও ক্রেতার সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠে ও মজবুত হয়। একইসঙ্গে বৈশাখী মেলা ক্ষুদ্র উদ্যোক্তা, কারিগর ও শিল্পীদের জন্য পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ তৈরি করে, যা স্থানীয় অর্থনীতিকে সক্রিয় করে তোলে। এর ফলে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগও বিস্তৃত হয়। সর্বসাকুল্যে পহেলা বৈশাখ কেবল একটি উৎসব নয়; এটি বাঙালির সামাজিক ঐক্য, সম্প্রীতি এবং অর্থনৈতিক গতিশীলতার এক গুরুত্বপূর্ণ প্রতীক।
নামিরা জামান, ২য় বর্ষ, মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়।
ব্যবসার সম্প্রসারণ ও ক্রেতাসম্পর্কে পহেলা বৈশাখের তাৎপর্য
পহেলা বৈশাখ ব্যবসায়ীদের জন্য শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়; এটি অর্থনৈতিক দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ সময়। বাংলা নববর্ষের সূচনায় নতুন হিসাববর্ষ শুরু হওয়ায় ব্যবসায়ীরা হালখাতার আয়োজনের মাধ্যমে পুরোনো দেনা-পাওনা নিষ্পত্তি করে নতুনভাবে হিসাব খোলেন। এর ফলে ব্যবসায়িক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার একটি নতুন সুযোগ তৈরি হয়।
এই উপলক্ষে ব্যবসায়ীরা বিভিন্ন ছাড়, বিশেষ অফার ও নতুন পণ্যের প্রচারণা চালান, যা ক্রেতাদের আকৃষ্ট করতে সহায়ক ভূমিকা রাখে। অন্যদিকে, ক্রেতারাও এ সময় কেনাকাটায় আগ্রহী হয়ে ওঠেন, ফলে বাজারে চাহিদা ও লেনদেন বৃদ্ধি পায়।
সব মিলিয়ে, পহেলা বৈশাখ ব্যবসার সম্প্রসারণ, আয় বৃদ্ধি এবং ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার একটি কার্যকর ও তাৎপর্যপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়।
হাসিব রায়হান, ৩য় বর্ষ, ব্যবসায় প্রশাসন বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়।