গবি শিক্ষার্থীর গায়ে হাত তোলার অভিযোগ, ৫ বাস আটক

Site Favicon প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬ ২২:১০
A+A-
Reset

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) এক শিক্ষার্থীকে গায়ে হাত তোলা ও খারাপ ব্যবহারের অভিযোগে ‘নীলাচল পরিবহন’ এর ৫টি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৮ এপ্রিল ) সকাল আনুমানিক ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (বাইশ মাইল) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী গণ বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে নীলাচল পরিবহনের একটি একটি বাসে উঠে বাইশ মাইল নামতে চাইলে বাসের হেলপার তাকে নির্ধারিত গন্তব্যে নামাতে অস্বীকৃতি জানিয়ে নিরিবিলি সংলগ্ন স্ট্যান্ডে নামতে বলেন। এই ঘটনার জেরে শিক্ষার্থী এবং বাসের হেল্পারের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘বাসে ভাড়া এবং নির্দিষ্ট গন্তব্যে না নামানোর বিষয়ে বাকবিতন্ডার সৃষ্টি হলে বাসের হেলপার তার সাথে দুর্ব্যবহার করেন এবং বাকবিতন্ডার এক পর্যায়ে তার গায়ে হাত তুলে বাইশমাইল সংলগ্ন এলাকায় বাস থেকে নামিয়ে দেন।

তিনি বলেন, ‘গতকাল ধানমন্ডি থেকে নীলাচল পরিবহনে উঠে বাস ভাড়া ৪০ টাকা  দিয়েছি।আমার গন্তব্যস্থল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বাইশ মাইলে। কিন্তু আমাকে নবীনগরের নিরিবিলি বাস স্ট্যান্ডে নেমে যেতে বলে বাসের হেলপার, একপর্যায়ে বাস থেকে না নেমে গেলে দুর্ব্যবহার করে এবং গালিগালাজ করে গায়ে হাত তোলে।

ঘটনার বিষয়ে নীলাচল পরিবহনের ওই বাস চালকের সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল রাজধানীর ধানমন্ডি থেকে একজন গবি শিক্ষার্থী বাসে ওঠেন এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে হেলপারের তার সাথে বাকবিতন্ডা হয় এবং হেলপার তাকে নিরিবিলি বাসস্ট্যান্ডে নেমে যাওয়ার জন্য বলে। তর্কের এক পর্যায়ে ওই শিক্ষার্থী হেলপারকে টেনে বাইশমাইল স্ট্যান্ডে নামায় পরে অন্যান্য যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাস আটকের ঘটনায় মানিকগঞ্জ বাস-মালিক সমিতির সভাপতি ও নীলাচলের পরিবহনে মহিবুর রহমান শিপন ক্যাম্পাসে আসেন এবং বলেন, ‘আমরা শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নিয়ে থাকি, শিক্ষার্থীরা অভিযোগের নাম্বারে কল দিলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। বাসের বেশিরভাগ স্টাফরা বর্বর ও অজ্ঞ তবে তাদেরও জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী অধ্যাপক কনক চন্দ্র রায় বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ভুক্তভোগী শিক্ষার্থী মৌখিক অভিযোগ করেছে, শিক্ষার্থীরা বিচারের দাবিতে বাস আটক করেছে, আমরা  সমস্যা সমাধানের জন্য বাস মালিকদের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নিবো।

আপনার পছন্দ হতে পারে