ব্রাকসু নির্বাচন নিয়ে বেরোবিতে শিক্ষার্থীদের জরুরি সংবাদ সম্মেলন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

Site Favicon প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬ ১৭:২১
A+A-
Reset

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন ইস্যুতে প্রশাসনের বিরুদ্ধে প্রতারণা ও হটকারিতার অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে এ কর্মসূচি পালন করা হয়।

সংবাদ সম্মেলনে শামসুর রহমান সুমন বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ শিক্ষার্থীদের প্রাণের দাবি। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। শিক্ষার্থী সংসদের কল্যাণ তহবিলের অর্থের কোনো স্বচ্ছ হিসাব নেই। গণঅভ্যুত্থানের পর আইনে অন্তর্ভুক্ত হলেও প্রশাসন তফসিল স্থগিত রাখা, কমিশন গঠনে বিলম্বসহ বিভিন্ন টালবাহানার মাধ্যমে নির্বাচন বিলম্ব করছে, যা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল।” দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

আশিকুর রহমান আশিক বলেন, “আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের তফসিল ঘোষণা করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করতে হবে। অন্যথায় নির্ধারিত আল্টিমেটাম পেরিয়ে গেলে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং প্রশাসনিক ভবনে তালা দিয়ে প্রশাসনের প্রতারণার কঠোর জবাব দিতে বাধ্য হবে।”

আহমেদুল হক আলভি বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা যখন অন্য কোনো প্রশাসনিক কার্যক্রমে অংশ নিই, তখন শুনতে হয় যে আমাদের বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর একটি। গত ১৭ বছরে এখানে দুর্নীতির একটি সংস্কৃতি গড়ে উঠেছে। প্রশাসনিক কাঠামো পর্যালোচনা করলে দেখা যায়, বর্তমান ভিসি একই সঙ্গে প্রো-ভিসি ও ট্রেজারারের দায়িত্ব পালন করছেন। অপরদিকে রেজিস্ট্রার প্রক্টরের দায়িত্বের পাশাপাশি বহিরঙ্গন কর্মকাণ্ডও তত্ত্বাবধান করছেন। ফলে নির্দিষ্ট কয়েকজনের হাতে পুরো প্রশাসন কেন্দ্রীভূত হয়ে পড়েছে। এতে একটি দুর্নীতির চক্র গড়ে উঠেছে বলে আমরা মনে করি।”

বেরোবি/তারেক

আপনার পছন্দ হতে পারে