জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে শ্রমিকের কাজ করা ওমরের হাতে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন স্বপ্ন সুপার শপ।
আজ বৃহস্পতিবার সকালে স্বপ্ন সুপার শপ পরিবারের পক্ষ থেকে ওমরের হাতে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তাঁর মা ফাতেমা খাতুন, ছোট ভাই রাফিউল, স্বপ্ন সুপার শপের আঞ্চলিক ব্যবস্থাপক রাসেল আল মামুন।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের গৃহিণী ফাতেমা খাতুন ও মৃত খবির উদ্দিন দম্পতির বড় ছেলে ওমর। তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। ভর্তির টাকার জন্য দিনমজুরির কাজ শুরু করেন ওমর। এ নিয়ে বুধবার (১ মার্চ) সকালে প্রথম আলো অনলাইনে ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে শ্রমিকের কাজ করছেন ওমর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
স্বপ্ন সুপার শপের কর্মকর্তা রাসেল আল মামুন বলেন, পত্রিকায় সংবাদ দেখে ঢাকা থেকে জানানো হয় সহযোগিতার বিষয়ে। স্বপ্ন পরিবারের পক্ষ থেকে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য সাড়ে তিন লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।