বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মাসুদ রানার সঙ্গে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ এপ্রিল ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম।
মতবিনিময় সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব, বেরোবির সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং তথ্যপ্রবাহ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চার কেন্দ্র, যেখানে শিক্ষা, গবেষণা ও সুশাসন সমন্বিতভাবে এগিয়ে নিতে হয়। এই অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, একাডেমিক সাফল্য এবং চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মাসুদ রানা তাঁর বক্তব্যে বলেন, “জনসংযোগ বিভাগকে আরও গতিশীল ও তথ্যসমৃদ্ধ করতে আমরা কাজ করছি।” তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজের মাধ্যমে তথ্যপ্রবাহ আরও গতিশীল হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।