শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলনের নাম ব্যবহার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক কার্যক্রম ও সিন্ডিকেট সভা আয়োজনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ’র বিরুদ্ধে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার এবং প্রক্টরকে স্ব স্ব দপ্তরে গিয়ে বাধা দেয় এই নেতা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে ১০৯তম সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল, সেখানে ছাত্রদলের বাধার কারণে তা পিছিয়ে ১৬ ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হয়। তখনও সে বাধা দেওয়ায় তা পুনরায় পিছিয়ে ফেব্রুয়ারির ২৬ তারিখে নিয়ে যাওয়া হয়। সেখানে আবারও বাধা দিলে তৃতীয় দফায় সভা পিছিয়ে এপ্রিলের ১৫ নিয়ে যাওয়া হয়।
প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘ছাত্রদলের শুভসহ আরও কয়েকজন আমার কাছে এসে বলেছে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন সবকিছু বন্ধ রাখার জন্য। আমরা কোন প্রকার সিন্ডিকেট সভা করতে পারবো না, আমাদের কোন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবো না৷ পরে আমি তাকে বললাম শিক্ষামন্ত্রী বলেছেন এমন কোন চিঠি বা প্রজ্ঞাপন জারি হয়েছে কি-না। আমাদের কাছে তো এমন কোন চিঠি আসে নাই।’
এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘ ছাত্রদলের শুভসহ কয়েকজন এসে আমাকে হুমকি দিয়ে গেছে যাতে কোনো ধরনের সিন্ডিকেট সভা না হয়। এর আগেও তিনবার সিন্ডিকেটের তারিখ দিয়েও তাদের বাধার কারণে করতে পারিনি। এখন ১৫ এপ্রিল সিন্ডিকেটের তারিখ নির্ধারণ করা হয়েছে সেটাও বন্ধ করার জন্য তারা হুকমি দিচ্ছে।’
উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘আমার কাছে ছাত্রদলের শুভ সহ কয়েকজন আসছিল। তারা বলেছে কোনো ধরনের সিন্ডিকেট সভা এবং পদোন্নতি বোর্ড করা যাবে না। তখন আমি বললাম তাহলে তো ছাত্ররা পিছিয়ে যাবে। পরে তারা বললো পিছিয়ে গেলে কোনো সমস্যা নাই।’
তিনি আরও বলেন, ‘গত তিন মাস ধরে আমরা চেয়েও সিন্ডিকেট সভা দিতে পারছি না। অনেক অমীমাংসিত বিষয় রয়েছে যা অতি শীঘ্রই একটা সিন্ডিকেট সভা দিয়ে সমাধান করার চেষ্টা করবো।’
এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আমরা প্রক্টরের কাছে বা অন্য কোন দপ্তরে সিন্ডিকেট সভা বন্ধ করার জন্য বলিনি এটা মিথ্যা কথা। ঈদের আগে আমাদের ছোট ভাইদের শহরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে। সেটার বিরুদ্ধে মামলা কেন হয় নাই, সেটার বিষয়ে আপডেট জানতে গিয়েছি।’
রাফি/ কুবি