ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সি ইউনিটের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। পরিক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতির হার ৮৮.৫৩ শতাংশ।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থীর আসন ছিল যেখানে উপস্থিত ছিলেন ১ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের সদস্যরা ছাত্রসংগঠনের বুথ, হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষার হল পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আমি কক্ষ পরিদর্শন করে দেখেছি যে সবাই ই লিখছে, যেহেতু গুচ্ছ ই শেষ পরীক্ষা। তাদের প্রস্তুতিও ভালো আছে। আশাকরি সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হবে।’