দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত আহনাফের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জাবিতে ছাত্রশক্তির দোয়া মাহফিল

Site Favicon প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ১৫:৫৪ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৬:০১
A+A-
Reset

রাজবাড়ীর দৌলতদিয়া (গোয়ালন্দ) ফেরিঘাটে বাসডুবি দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের (জুডো) সাবেক সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ খান রায়ানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ‘জাতীয় ছাত্রশক্তি’ জাবি শাখার উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

​দোয়া মাহফিল শেষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “আহনাফ তাহমিদ খান রায়ান কেবল একজন মেধাবী শিক্ষার্থীই ছিলেন না, বরং তিনি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর এই অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং প্রশাসনের কাছে দাবি জানাই যেন এ ধরনের নৌ-দুর্ঘটনা রোধে এবং ফেরিঘাটের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।”

​দোয়া মাহফিলে উপস্থিত নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিরাজ আহমেদ বলেন, “রায়ান ভাইয়ের মতো একজন অমায়িক মানুষকে হারানো আমাদের জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। তিনি সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতেন এবং যুক্তি-বুদ্ধির চর্চায় আমাদের অনুপ্রাণিত করতেন।”

​এদিকে আহনাফ তাহমিদ খান রাইয়ানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

আপনার পছন্দ হতে পারে