ঈদ আনন্দ : সেকাল-একাল

Site Favicon প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ১৬:৩৭
A+A-
Reset

‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ একটা সময় ছিলো যখন বিটিভে কাজী নজরুল ইসলামের এই কালজয়ী গান দিয়েই শুরু হতো ঈদের আড়ম্বর। সময় গড়িয়েছে পরিবর্তন হয়েছে ঈদ উদযাপনের ধরণ। কালের পরিক্রমায় সেসব ভাবনা পাঠকের জন্য তুলে এনেছেন গণ বিশ্ববদ্যালয়ের শিক্ষার্থী ও সংবাদকর্মী শামিম রেজা।

উচ্ছ্বাসের দিনলিপি থেকে নীরবতার প্রান্তে

 

শৈশবের ঈদ ছিল এক অচিন্তিত আনন্দের মরুদ্যান। নতুন জামার সুবাসে ভরা উত্তেজনা, ঈদির খামে লুকানো মায়াবী বিস্ময়, আর বন্ধুবান্ধবের সঙ্গে উড়ন্ত সময়ের খেলা। নামাজের পরে মায়ের হাতে সাজানো সেমাই, আত্মীয়দের ঘরের উষ্ণতা সব মিলিয়ে হৃদয়ে তৈরি হতো এক দীপ্তিময় স্মৃতিপটে। এখন ঈদ এসেছে দায়িত্ব আর ব্যস্ততার ছায়া বুকে নিয়ে; আগের মতো উল্লাসে ভরা নয়। পরিবার থেকে দূরে কাটানো ঈদ মনে আঁকে ঘন নীরবতার রেখা। তবুও ঈদ ফিরে আসে, স্মৃতির অমল আলো ছড়িয়ে দিয়ে মনের অন্তরালে নরম প্রশান্তি জাগায়, হারানো উচ্ছ্বাসের স্পর্শ মনে করিয়ে দিয়ে।

হাফসা বিনতে মোশাররফ
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস,
গণ বিশ্ববিদ্যালয়।

পরিবারের বাইরে ঈদ কাটানোর অভিজ্ঞতাও জীবনে নতুন অনুভূতি যোগ করে

শৈশবের ঈদ মানেই একরাশ আনন্দ আর নির্ভেজাল খুশি। চাঁদ রাত এলেই নতুন জামা পরা, বন্ধুদের সাথে ঘোরাঘুরি আর “চাঁদ উঠেছে?”—এই ছোট প্রশ্নগুলোতেই ছিল অসীম আনন্দ। আত্মীয়দের বাড়ি যাওয়া আর সালামি পাওয়া ছিল দিনের সবচেয়ে বড় আকর্ষণ।
বড় হওয়ার সাথে সাথে সেই আনন্দ কিছুটা বদলে গেছে। এখন সালামি নেওয়ার চেয়ে দেওয়ায় বেশি আনন্দ, আর ঈদের ছুটিতে বাড়ি ফেরার অনুভূতিই সবচেয়ে বিশেষ। দায়িত্বও বেড়েছে, তবু এর মধ্যেই এক অন্যরকম সুখ আছে। কখনো পরিবারের বাইরে ঈদ কাটানোর অভিজ্ঞতাও জীবনে নতুন অনুভূতি যোগ করে। সব মিলিয়ে, ঈদ এখনও আমাদের জীবনে আনন্দ ও ভালোবাসার বার্তা নিয়ে আসে।

আনোয়ার হোসেন কমল
আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাগ-অভিমান ভুলে এক হয়ে যাওয়াই ঈদের আসল সৌন্দর্য

ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি এক পবিত্র অনুভূতির নাম। নামাজ, কোলাকুলি আর “ঈদ মোবারক” বিনিময়ের মধ্য দিয়ে মানুষ রাগ-অভিমান ভুলে এক হয়ে যায় এটাই ঈদের আসল সৌন্দর্য। ছোটবেলার ঈদ ছিল স্বপ্নের মতো চাঁদ রাতেই দাদুবাড়ি, পুরো পরিবারের মিলন, মেহেদী আর পছন্দের খাবারের আনন্দ। নতুন জামা আর ঈদি পাওয়ার উত্তেজনায় ঘুমই আসতো না।
ঈদের দিন মানেই ছিল খাওয়া-দাওয়া, ঘোরা আর আড্ডা। এখনো ভালো লাগে, তবে অনুভূতিটা বদলে গেছে। আগে আনন্দ ছিল নিজের জন্য, এখন প্রিয়জনদের খুশি করতে পারলেই ঈদ পূর্ণ মনে হয়। আমার কাছে ঈদ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে থাকা এই বন্ধনটাই ঈদের সবচেয়ে বড় আনন্দ।

মো: জিহাদুল ইসলাম শিঞ্জন
ভেটেরিনারী অনুষদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

 

বড় হওয়ার সাথে সাথে ঈদের আনন্দের ধরনও বদলে যায়

ছেলেবেলার ঈদ শুরু হতো নতুন জামা কেনার আনন্দ দিয়ে। এরপর ঈদের দিন আত্মীয়দের বাড়ি বেড়াতে যাওয়া, সালামি সংগ্রহ করা আর সেগুলো মায়ের কাছে জমা দেওয়া এসবই ছিল দিনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। সবাই মিলে ঈদের নামাজ পড়া, কোলাকুলি করা সবকিছু মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে ঈদের আনন্দের ধরনও বদলে যায়। সালামি নেওয়ার চেয়ে দেওয়ার মধ্যেই বেশি আনন্দ খুঁজে পাওয়া যায়। জীবনের প্রয়োজনে অনেকেই পড়াশোনা বা চাকরির জন্য বাড়ির বাইরে থাকি, তাই ঈদে নাড়ির টানে বাড়ি ফেরার যে অনুভূতি—তার মতো আনন্দ হয়তো আর কিছুতেই নেই। সবাই নিরাপদে বাড়ি ফিরুক, সবার ঈদ হোক আনন্দময়।

সুমাইয়া হক
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়।

আপনার পছন্দ হতে পারে