জাবি শিক্ষার্থী শারমীন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন

Site Favicon প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১৭:২৯
A+A-
Reset
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমীন জাহান হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ মার্চ) সকালে ৫ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
​নিহত শারমীন জাহান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী ফাহিম আল হাসান ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, গতকাল রোববার দিবাগত রাতে শারমীনের চাচা মনিরুল ইসলামের করা মামলায় ফাহিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছিল। আজ সকালে অধিকতর তদন্তের প্রয়োজনে ৫ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর গত বছরের ২৪ জুন তারা বিয়ে করেন এবং বিষয়টি পরিবারকে জানান। পরে গত বছরের সেপ্টেম্বর থেকে তারা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তবে বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যা শারমীন তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, ১৫ মার্চ বিকেল প্রায় পৌনে পাঁচটার দিকে ফাহিম ফোন করে শারমীনের চাচা মনিরুল ইসলামকে জানান যে শারমীন গুরুতর অসুস্থ এবং দ্রুত বাসায় আসতে বলেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি শারমীনকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুরতহাল প্রতিবেদনে শারমীনের কপালের ডান পাশে ও মাথার ওপর গভীর কাটা জখমের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ফাহিম অজ্ঞাত সহযোগীদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
উপাচার্যের গভীর শোক ও উদ্বেগ
এদিকে শারমীন জাহানের এমন নৃশংস মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, “শারমীন জাহানের খুনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
জাকসু ও ছাত্রসংগঠনগুলোর বিচার দাবি
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং বিভিন্ন ছাত্রসংগঠন। জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, শারমীনের মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং বাসা থেকে ল্যাপটপ ও ফোন নিখোঁজ হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। একজন মেধাবী শিক্ষার্থীর এমন নৃশংস মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
​ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার পক্ষ থেকেও পৃথক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের ফাঁসির দাবি জানানো হয়েছে।

আপনার পছন্দ হতে পারে