বন্ধ ক্যাম্পাসে শিবিরের ‘ওয়েলফেয়ার ভবন’ ছাদে রাকসু নেতার বিতর্ক কর্মশালা, সমালোচনার ঝড়

Site Favicon প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ১৪:৩৪
A+A-
Reset

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বিতর্ক বিষয়ক একটি কর্মশালাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। গতকাল সন্ধ্যায় ক্যাম্পাস ছুটির মাঝেই শাখা ইসলামী ছাত্রশিবিরের ‘ওয়েলফেয়ার ভবনের’ ছাদে গুটিকয়েক শিক্ষার্থী কর্মশালাটির আয়োজন করা হয় বলে জানা গেছে।

কর্মশালায় আয়োজন করেন রাকসুর সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক নয়ন মোরসালিন। কর্মশালার বিষয়টি নিশ্চিত করে রাকসুর ফেসবুক পেইজে গতকাল রাতে একটি পোস্ট করা হয়। এরপরেই শুরু হয় আয়োজনকে ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। একপর্যায়ে আজ পেজ থেকে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে।

কর্মশালা আয়োজনটি শাখা শিবিরের ‘ওয়েলফেয়ার ভবনে’ হয়েছে বলে এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেন মাদার বখশ হল শাখা ছাত্র শিবিরের সভাপতি মামুন সরদার। পোস্টে মামুন লিখেন, ‘বিনোদপুরে শিবিরের ওয়েলফেয়ার বিল্ডিং এটি ইফতারের কথা বলে কিছু ছেলেকে ডেকে এনে শুরু বিতর্ক কর্মশালা। কারও হাতে খাতা-কলম নেই, অনেকে রুমের ড্রেস পরেই চলে এসেছে। আর সম্পাদক পকেটে হাত দিয়ে প্রফেশনাল ভঙ্গিতে কর্মশালা নিচ্ছেন। শেইম অন রাকসু।’

এই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর কিছু জানেন না বলে মন্তব্য করেন।

এ দিকে কর্মসূচির বিষয়ে দেওয়া রাকসুর পেইজের ওই পোস্টে বলা হয়েছে, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) বিতর্ক ও সাহিত্য বিভাগের আয়োজনে, সংগ্রহ করা সদস্য তালিকার একাংশকে নিয়ে বিতর্ক কর্মশালা ও রম্য বিতর্কের আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন রাকসুর সহকারি বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক নয়ন মোরসালিন। তিনি বিতর্ক বিষয়ক প্রাথমিক ধারণা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উক্ত কর্মশালার পরবর্তী সময়ে রম্য বিতর্কের আয়োজন করা হয়।’

এ বিষয়ে জানতে রাকসুর সহকারি বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন মোরসালিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

ফেসবুকে সমালোচনা-

গত ৫ মার্চ থেকে ঈদুল ফিতর উপলক্ষে ছুটি হয়ে গেছে ক্যাম্পাস। শিক্ষার্থীরাও পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি চলে গেছে। ক্যাম্পাস প্রায় ফাঁকা। এই সময়ে এসে রাকসুর এই কর্মশালা আয়োজনকে কেন্দ্র করে ফেসবুকে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

সালেহ মোহাম্মাদ হোসাইন নামের একজন লিখেছেন, ‘শিবিরের ওয়েলফেয়ার ভবনে বিতর্ক কর্মশালা চলছে। ক্যাম্পাস অফ তো কি হয়েছে , রাকসু চলছে আপন গতিতে।’

শাখা ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ লিখেছেন, ‘…এটা রাকসুর ব্যানারে প্রোগ্রাম! ভাই ব্রাদাররা মিলে একটা সুন্দর জায়গায় পিকনিক করে রাকসুতে ভাউচার জমা দিয়ে দেন। কী সুন্দর না? এখন পর্যন্ত রাকসুর খরচ কোটি টাকার ওপরে কিন্তু দৃশ্যমান খুব বেশি কাজ চোখে পড়ে নাই। রাকসুর এই নেতাকে আমি কোনো দিন সামনাসামনি দেখি নাই। তার নামটাও জানি না।…’

মো. নাদিম নামের আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘আফসোস থেকে গেলো, ক্যাম্পাস জীবনের শুরু থেকে বিতর্কের সাথে যুক্ত ছিলাম, গোল্ড বাংলাদেশের আয়োজনে অনেক কর্মশালা আর বিতর্কে অংশগ্রহণ করেছি, বিচারক হিসেবেও কয়েক জায়গায় থেকেছি তবে রাকসুর এই আয়োজনে না থেকে সত্যিই আফসোস হচ্ছে।…’

সার্বিক বিষয়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, এই আয়োজনের ব্যাপারে আমি কিছুই জানি না। সাধারণত কোনো আয়োজন হলে আমার কাছে ভাউচার আসে। এই আয়োজনের কোনো ভাউচার আমি এখনো পাইনি। ফেসবুকে দেখলাম অনেকে লিখছে এটা নাকি শিবিরের ওয়ালফেয়ারের ছাদে করা হয়েছে। বিষয়টা নিয়ে আলোচনা চলছে।

আপনার পছন্দ হতে পারে