জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত জঘন্য ভাষায় গালিগালাজ, সাইবার বুলিং এবং হুমকিস্বরূপ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা (বোটানি) বিভাগের ৫০তম আবর্তনের ছাত্র এবং ‘Tuco The Ugly’ নামক একটি ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটর।

জানা যায়, ক্যাম্পাসের একটি দেয়াল গ্রাফিতিকে কেন্দ্র করে প্রকৃত সত্য যাচাই না করেই একটি ভিডিও পোস্ট করেন গোলাম রব্বানী। উক্ত ভিডিওর মন্তব্যের ঘরে ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মনিষা সরকার যৌক্তিক বিরোধিতা করলে রব্বানী অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় তাকে আক্রমণ করেন।
অভিযোগ উঠেছে, রব্বানী তার মন্তব্যে ‘বিচ’, ‘ব্রেইন ফাকড’ এবং ‘বোকাচোদা’র মতো চরম আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। এমনকি তার কমেন্টের এডিট হিস্ট্রি বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি প্রথমে লিখেছিলেন “সামনে পেছন দুই দিক দিয়ে ভরে দিবো”, যা পরবর্তীতে এডিট করা হয়। সাধারণ শিক্ষার্থীরা এই মন্তব্যকে সরাসরি ‘ধর্ষণের হুমকি’ হিসেবে অভিহিত করছেন।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ৫৩তম আবর্তনের শিক্ষার্থী লামিসা জামান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন পুরুষ শিক্ষার্থী কিভাবে আরেক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ‘ভরে দেওয়ার’ মতো মন্তব্য করতে পারে? এটি সরাসরি ধর্ষণের হুমকি। এতো বড় এখতিয়ার এই ব্যক্তিকে কে দিয়েছে? এর আগেও সে ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে অতিরঞ্জিত ও প্রবলেমেটিক কন্টেন্ট বানিয়ে বিতর্কিত হয়েছে, যার বিরোধিতা সিংহভাগ শিক্ষার্থীই করেছে।”
ভুক্তভোগী শিক্ষার্থী মনিষা সরকার আজ বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ইনসাইট ঢাকাকে জানান, “অভিযোগ পত্রটি আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের পরবর্তী মিটিংয়ে এটি নিয়ে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”