জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। আজ শনিবার (৭ মার্চ) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাবিসাস কার্যালয়ে টানা ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে ওই দিন দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হবে।
জাবিসাসের গঠনতন্ত্রের ১৭ নম্বর ধারা অনুযায়ী ঘোষিত এই তফসিলে সই করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আখতার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাহাদাত হোসেন।
তফসিল অনুযায়ী, আজ শনিবার দুপুর ১২টায় খসড়া ভোটার তালিকা এবং দুপুর ১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। আজ বেলা আড়াইটা থেকে আগামীকাল রোববার (৮ মার্চ) সকাল ১১টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। রোববার দুপুর ১২টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এবং বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ওই দিন বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মোট ৯টি পদের বিপরীতে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো —সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর ও প্রকাশনা সম্পাদক এবং তিনজন কার্যকরী সদস্য।
নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে তার প্রার্থিতা বাতিল হতে পারে। এ ছাড়া একই পদে একাধিক প্রার্থী সমান ভোট পেলে লটারির মাধ্যমে চূড়ান্ত ফলাফল নিষ্পত্তি করা হবে।