জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা

Site Favicon প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ ১৪:১৯
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সৌহার্দ্য সম্প্রীতির ইফতার মাহফিলে জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার সৃষ্টি হয়।

সোমবার (০২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিল ঘিরে বিকেল থেকেই বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, “পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এই বরকতময় মাসে একসঙ্গে ইফতার আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি পারস্পরিক বন্ধন দৃঢ় করার একটি সুযোগ।”

এছাড়াও আয়োজনটি সফল করতে যারা শ্রম দিয়েছে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সমিতির সভাপতি মাহমুদুল হাসান সিয়াম বলেন, “বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খোরশেদ আলম উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন।

পরিশেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

আপনার পছন্দ হতে পারে