‘বাস পার্ক’ করবে না বাংলাদেশ, বাটলারের চোখে চীনের বিপক্ষে লড়াইটা ‘ডেভিড বনাম গোলিয়াথের

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ ১৪:৪১
A+A-
Reset

‘বাস পার্ক’ করবে না বাংলাদেশ, বাটলারের চোখে চীনের বিপক্ষে লড়াইটা ‘ডেভিড বনাম গোলিয়াথের’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারপ্রথম আলো

এএফসি নারী এশিয়ান কাপের মঞ্চে আগামীকাল মঙ্গলবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে শক্তিশালী চীনের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচ সামনে রেখে আজ সিডনিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার। এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন ও ৯ বারের শিরোপাজয়ী চীনের বিপক্ষে এই লড়াই ঘিরে সিডনিতে প্রবাসী অনেকের মধ্যে বইছে রোমাঞ্চের হাওয়া।

সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলারকে অনেকটা নির্ভারই লেগেছে। গত কিছুদিনের সংবাদ সম্মেলনে যেমন রাগান্বিত থাকতেন, নানা অভাব-অভিযোগ নিয়ে বাফুফের বিরুদ্ধে তোপ দাগতেন, আজ তাঁর মেজার ছিল ভিন্ন। হাসি মুখে, ফুরফুরে মেজাজে উত্তর দিয়েছেন বেশ কটি প্রশ্নের।

বাংলাদেশ নারী ফুটবলের জন্য এই ম্যাচ যে কতটা গুরুত্বপূর্ণ, তা ফুটে উঠেছে বাটলারের কণ্ঠে। ম্যাচটিকে বিশেষ মর্যাদা দিয়ে এই ইংলিশ কোচ বলেন, ‘এটি সম্ভবত বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় বা ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে।’ তবে প্রতিপক্ষ হিসেবে চীন কতটা শক্তিশালী, তা বাটলারের অজানা নয়। এই অসম লড়াইকে তিনি ‘ডেভিড বনাম গোলিয়াথ’–এর যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। ফুটবল অনিশ্চয়তার খেলা হলেও আকাশকুসুম কল্পনায় না ভুগে বাস্তবসম্মত থাকার ওপর জোর দিয়েছেন আফঈদাদের কোচ।

বাস্তবতা বোঝাতে গিয়ে কোচ বাটলার একটু মজার স্বরে বলেন, ‘আমরা গুলিস্তানে ক্যাম্প করে এসেছি। এখন করছি অস্ট্রেলিয়ায়।’ দেশের ফুটবল মহলকে বারবার বাস্তবতা বোঝার তাগিদ দিয়ে বলেন, ‘বাস্তবতা বোঝার জন্য বলছি, যাতে কোনো উচ্চাকাঙ্ক্ষা না করা হয়। তবে সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’ বাংলাদেশ ছাড়ার সময় প্রস্তুতি নিয়ে যে অসন্তোষ বা রাগ ছিল, সেটা এখনো আছে কি না, প্রশ্ন করা হলে বলেন, ‘আমি রাগ করি না। আমি বাস্তববাদী। প্রস্তুতিই সবকিছু। যদি ভালোভাবে প্রস্তুতি না নেওয়া যায়, ফলাফলের আশা নাকরাই ভালো। তবে আমরা অস্ট্রেলিয়ায় এসে যা করেছি, তা যথেষ্ট।’
সাধারণত শক্তিশালী দলের বিপক্ষে পিছিয়ে থাকা দলগুলো রক্ষণাত্মক কৌশলে খেলে গোল হজম ঠেকাতে চায়, যাকে ফুটবলের ভাষায় বলা হয় ‘বাস পার্কিং’। কিন্তু বাটলারের দর্শন ভিন্ন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, চীনের বিপক্ষে বাংলাদেশ রক্ষণাত্মক খোলসে বন্দী থাকবে না। তাঁর মতে, ‘ফলাফল যা–ই হোক, আমরা বাস পার্ক করার মতো দল নই। আমি চাই মেয়েরা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরুক এবং স্বাধীনভাবে ফুটবল খেলুক।’

আপনার পছন্দ হতে পারে