কুমিল্লা-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশংসা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কৃত নেতা শাহরিয়ার উদ্দিন ফাহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহরিয়ার উদ্দিন ফাহাদকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বহিষ্কারের প্রতিক্রিয়ায় শাহরিয়ার উদ্দিন ফাহাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, “যদিও বুঝাতে চেয়েছিলাম ভিন্ন আদর্শ থেকে দেবিদ্বারের রাজপথে মুখোমুখি দেখা হবে ইনশাআল্লাহ, সেখানে কোনো রকম শোকজ না দিয়ে বহিষ্কার আদেশ দেখে হাসি পাচ্ছে লিটরেলি।”
এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে শাহরিয়ার উদ্দিন ফাহাদ লেখেন, “দলমত যা ই হোক, এইটা অস্বীকার করার সুযোগ নাই যে দেবিদ্বারের ছেলেরা এখন হাসনাত হইতে চায়। গত ১৭ বছরে আওয়ামীলীগ ক্ষমতায় থেকেও ছোট আলমপুর চৌমুহনীতে কোন অফিস করতে পারে নাই, কিন্তু গত ৭ তারিখ যখন এলাকায় ঢুকে চৌমুহনীতে শাপলাকলির অফিস দেখলাম, ততখনেই নিশ্চিত হয়ে গেছিলাম দেবিদ্বারে হাসনাতের যুগ শুরু হয়েছে। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।”
ইলিয়াছ/চবি