জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগের ঘটনায় ধর্ষণ ও শারীরিক নির্যাতনের মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থী।
আজ বুধবার ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। তিনি বলেন, ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ওই ছাত্রী তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের বিষয়ে উল্লেখ করেছেন।
এ ঘটনায় আসামী এসএম তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ৪৪ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের (৫৩ তম ব্যাচ) শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থেকে ব্ল্যাকমেল করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় নিয়ে তাকে নির্যাতন করেন বলে অভিযোগ উঠে। পরে ওই ছাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে তিনি তাঁর বিভাগের এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিবরণ দেন।
ভুক্তভোগীর বরাত দিয়ে তার বিভাগের ওই নারী শিক্ষক বলেন, ওই ছেলের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর সম্পর্ক ছিল। পরে সম্পর্ক ভেঙে যায়। অভিযুক্ত তারিকুল ইসলাম গতকাল মঙ্গলবার ভুক্তভোগীর হলের সামনে গিয়ে সিনক্রিয়েট করেন। এক পর্যায়ে তিনি শেষ কথা বলবেন বাসায় নিয়ে, এমন কথা জানান। তবে ওই ছাত্রী যেতে রাজি না হলে তাকে ব্ল্যাকমেইল করেন। পরে ভুক্তভোগী ইফতার সামগ্রী কিনে তার বাসায় যান। পরে ওই ছাত্রীর মুখে টেপ দিয়ে আটকে মারধর করেন। এক পর্যায়ে তার হাতে গরম পানি ঢেলে দেন। এর কিছুক্ষণ পর তারিকুল পুড়ে যাওয়ার ক্ষত-র ওষুধ কিনতে রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দোকানে যান। এই সুযোগে ভুক্তভোগী ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানালে আশুলিয়া থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান৷ পরে চিকিৎসকের পরামর্শে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।