জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে হলের সামনে থেকে সিনক্রিয়েট করার পর ব্ল্যাকমেইল করে বাসায় ডেকে নিয়ে অমানষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে।
জানা যায় অভিযুক্তের নাম তারিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ৪৪ তম আবর্তনের সাবেক শিক্ষার্থী। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রশিদ।
ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আনা হলের তিনি তার বিভাগের এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিবরণ দেন। ভুক্তভোগীর বরাত দিয়ে তার বিভাগের ওই নারী শিক্ষক বলেন, ওই ছেলের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর সম্পর্ক ছিল। পরে সম্পর্ক ভেঙে যায়। অভিযুক্ত তারিকুল ইসলাম গতকাল মঙ্গলবার ভুক্তভোগীর হলের সামনে গিয়ে সিনক্রিয়েট করেন। এক পর্যায়ে তিনি শেষ কথা বলবেন বাসায় নিয়ে, এমন কথা জানান। তবে ওই ছাত্রী যেতে রাজি না হলে তাকে ব্ল্যাকমেইল করেন। পরে ভুক্তভোগী ইফতার সামগ্রী কিনে তার বাসায় যান। পরে ওই ছাত্রীর মুখে টেপ দিয়ে আটকে মারধর করেন। এক পর্যায়ে তার হাতে গরম পানি ঢেলে দেন। এর কিছুক্ষণ পর তারিকুল পুড়ে যাওয়ার ক্ষত-র ওষুধ কিনতে রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দোকানে যান। এই সুযোগে ভুক্তভোগী ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানালে আশুলিয়া থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান৷ পরে চিকিৎসকের পরামর্শে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ডা. তানভীর হোসেন সাংবাদিকদের বলেন, ভুক্তভোগী ছাত্রীকে পুলিশ নিয়ে এসেছিলো। তবে তার হাতে ৩ থেকে ৪ সেন্টিমিটার পুড়ে গিয়েছে। আমাদের এখানে এটার চিকিৎসা না থাকায় সাভারে রেফার করেছি।