জাবিতে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে মাস্টার্সে ভর্তির সুযোগ

Site Favicon প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৫ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৬
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ব্যবসায় অনুষদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে এমবিএ (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ফল সেমিস্টারের জন্য এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে বিভাগের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।

এই এমবিএ প্রোগ্রামের মেয়াদ ন্যূনতম ১৬ মাস। মোট ৪৮ ক্রেডিটের এ প্রোগ্রামে ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার ও শনিবার। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধাও থাকবে।

ভর্তির জন্য প্রার্থীদের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪ স্কেলে) বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

বিভাগ সূত্রে জানা গেছে, লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ। সেদিন বিকেল ৩টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিন প্রার্থীদের সব একাডেমিক সনদ, ট্রান্সক্রিপ্ট ও চাকরির অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সঙ্গে আনতে হবে।

ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। লিখিত ও মৌখিক পরীক্ষার ফল, পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। তবে সদ্য স্নাতক সম্পন্নকারীরাও এ প্রোগ্রামে আবেদনের জন্য উৎসাহিত।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওয়েবসাইটে।

আপনার পছন্দ হতে পারে