আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
আজ ২১ ফেব্রুয়ারী (শনিবার) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে হুশিয়ারি দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বয়ক জহির উদ্দিন বাবর বলেন, বিভিন্ন সময় ক্যাম্পাসে ছাত্রলীগ অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চলে আসছিল। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গতকালকে নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার বর্তমান সভাপতি আখতারুজ্জামান সোহেল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের ফুল দেয়ার কথা জানিয়েছে।
তিনি আরো বলেন, আমরা মনে করি জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রলীগের রাজনীতি এই ক্যাম্পাসে কবর রচিত হয়েছে। এখানে ছাত্রলীগের আর কোন ঠিকানা হবে না। ভবিষ্যতে ছাত্রলীগ যদি এই ক্যাম্পাসে প্রবেশ করতে চায় তাহলে তাদেরকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দাঁতভাঙ্গা জবাব দিবে। ছাত্রলীগ ক্যাম্পাসে প্রবেশ করবে আজকে আমাদের কাছে এরকম একটি সংবাদ ছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি করেছি। “