দাঁড়িপাল্লা ও শাপলা কলি সংস্কার–পরিবর্তনের প্রতীক: নাহিদ ইসলাম

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৯
A+A-
Reset

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের নির্বাচন পরিবর্তন ও সংস্কারের নির্বাচন এবং ১১–দলীয় ঐক্য হচ্ছে পরিবর্তন ও সংস্কারের প্রতীক। দাঁড়িপাল্লা ও শাপলা কলি হচ্ছে সংস্কার এবং পরিবর্তনের প্রতীক।

আজ শুক্রবার সকালে ঢাকার সাভারের শাহীবাগ এলাকায় মাতৃবাগান জামে মসজিদ–সংলগ্ন মাঠে ১১–দলীয় জোটের এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, এই দেশের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সময়। এক হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আজ নির্বাচনে যেতে পারছি। আজ কোনো ব্যক্তিস্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়, আমাদের ১১ দলকে জয়যুক্ত করতে হবে এবং সরকার গঠন করতে হবে। ১১ দলের জয় ও সরকার গঠনের মধ্য দিয়েই সংস্কারপ্রক্রিয়া বাস্তবায়ন এবং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করা সম্ভব হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘যে বাংলাদেশের জন্য জুলাই গণ-অভ্যুত্থানে হাজার হাজার ভাই শহীদ হয়েছেন, আমাদের ভাই শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছিলেন, আমরা সেই ইনসাফের, ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি। দিল্লির তাঁবেদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির তাঁবেদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি, আমরা জীবন দেওয়ার জন্য আবার প্রস্তুত আছি। আজাদি এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না।’

দেশের বিভিন্ন জায়গায় ১১–দলীয় জোটের নেতা–কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায় পুরোনো কায়দায়, ফ্যাসিস্টদের কায়দায়, তাদেরকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।’

বিএনপির জোটের দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি একটি জোট—তাকে জোট বলা যাবে না, একটি দল যারা অনেক দলকে নিজের পেটে নিয়ে নিয়েছে। বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। সেই দল বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে, সেই দলের নেতা–কর্মীরা। আমরা বলছি, সেই হুমকি ও রক্তচক্ষু উপেক্ষা করেই আমরা ৫ আগস্ট ঘটিয়েছিলাম। আমরা কোনো হুমকি এবং রক্তচক্ষুকে ভয় পাই না।’

ঢাকা-১৯ (সাভার) আসনে এনসিপি মনোনীত ১১ দলের প্রার্থী দিলশানা পারুলকে জয়ী করতে শাপলা কলি প্রতীকে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আপনারা দিলশানা আপাকে শাপলা কলিতে জয়যুক্ত করবেন। দিলশানা আপা ১১ দলকে প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে প্রতিনিধিত্ব করবেন, ইনসাফকে প্রতিনিধিত্ব করবেন, জুলাই গণ-অভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করবেন।’

আপনার পছন্দ হতে পারে