জাবির লাল মাটির টানে আবারও সেই দর্শনের আঙিনায়: এক অন্যরকম পুনর্মিলনী

Site Favicon প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৯ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৭
A+A-
Reset

ক্যালেন্ডারের পাতায় তারিখটা ৩০ জানুয়ারি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থীদের কাছে এটা ছিল স্রেফ একটা দিন নয়, বরং এক টুকরো হারানো শৈশবে ফিরে যাওয়া। কতদিন পর দেখা! সেই একই হাসি, একই আড্ডা, আর একে অপরকে জড়িয়ে ধরে সেই পুরনো দিনের স্মৃতিতে ডুব দেওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শন এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার ধুমধাম করে পালিত হলো ‘দর্শন বিভাগ পুনর্মিলনী উৎসব–২০২৬’।

স্মৃতি যখন জীবন্ত হয়ে ওঠে

সকাল হতেই কলা অনুষদের সামনে জটলা। কেউ এসেছেন সেই আশির দশকের ব্যাচের, কেউ বা একদম নতুন মুখ। বেলা ১১টায় ভিসি অঅধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান যখন পায়রা আর বেলুন ওড়ালেন, তখন পুরো চত্বর যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠল। একটা আনন্দ শোভাযাত্রাও হলো, যেখানে বড় ভাই-ছোট ভাই সব ভেদাভেদ ভুলে সবাই একসাথে হাঁটলেন ক্যাম্পাসের সেই লাল মাটির রাস্তায়।

​ভিসি তাঁর বক্তব্যে খুব সুন্দর একটা কথা বললেন। তিনি চাইলেন সবাই যেন যুক্তিবাদী আর সৎ হয়ে দেশ গড়ায় মন দেয়। দর্শনের শিক্ষা তো শুধু বইয়ে নেই, আছে আমাদের যাপনেও।

সেই আড্ডা, সেই প্রাণখোলা হাসি

বিকেলে সেলিম আল দীন মুক্তমঞ্চটা যেন একটা টাইম মেশিন হয়ে গিয়েছিল। প্রবীণ শিক্ষক আর সাবেক শিক্ষার্থীরা যখন মঞ্চে এসে স্মৃতিচারণ শুরু করলেন, তখন গ্যালারিতে হাসির রোল পড়ে গেল। কারো মনে পড়ছিল সেই পরীক্ষার আগের রাতের আড্ডা, তো কারো মনে পড়ছিল ট্রান্সপোর্টের বাসের সেই ভিড়ের কথা।

​এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর মোহাম্মদ শাহরিয়ার খুব আবেগ নিয়ে বললেন, “এই যে আমরা আজ এখানে জড়ো হয়েছি, এটা স্রেফ একটা অনুষ্ঠান না। এটা আমাদের প্রাণের টান। আমরা চাই আমাদের এই ছোট ভাইবোনদের ক্যারিয়ার গড়ায় বড় ভাই হিসেবে সবসময় পাশে থাকতে। এই এ্যালামনাই হবে আমাদের ভরসার জায়গা।”

শেষবেলার সুর

বিকেলের খেলাধুলা আর সন্ধ্যার সম্মাননা প্রদান শেষে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। গানের সুর যখন মুক্তমঞ্চের বাতাসে ভাসছিল, তখন সবার মনেই যেন একটা বিষণ্ণতা—ইশ! এই দিনটা যদি আরও একটু লম্বা হতো। তবুও দিন শেষে সবাই যখন ফিরছিলেন, সবার মনেই ছিল এক বুক তৃপ্তি আর মুখে সেই চিরচেনা হাসি। জাহাঙ্গীরনগরের এই দর্শনের পরিবার যেন বারবার এভাবেই ফিরে আসে আপন ঠিকানায়।

আপনার পছন্দ হতে পারে