জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি হয়েছে গত ১০ ডিসেম্বর। নতুন কমিটির সভাপতি হন জিয়াউদ্দিন আয়ান ও সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা। ওই কমিটিকে সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা থাকলেও ৫০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি শাখা ছাত্রশক্তির কমিটি।
বিষয়টি ঘিরে ক্যাম্পাসে আলোচনা চলছে। তবে সংগঠনের নেতা-কর্মীদের দাবি, তারা যথেষ্ট যাচাই-বাছাই করেই পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার পরিকল্পনা থেকেই একটু বিলম্ব হচ্ছে। অতিদ্রুত তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারবেন বলে আশা ব্যক্ত করছেন।
ছাত্রশক্তির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, আংশিক কমিটির হওয়ার পর থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে নতুন কমিটি গঠনে কয়েক দফায় আলোচনা হয়েছে। তবে যথেষ্ট লোকবলের অভাব এবং অন্য সংগঠনের কেউ যাতে গুপ্ত অবস্থায় অনুপ্রবেশ করতে না পারে সেদিক যাচাই-বাছাই করতে তাদের সময় লেগে গেছে। অতিদ্রুত তারা ২৫ অথবা ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
সার্বিক বিষয়ে জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা ইনসাইট ঢাকাকে বলেন, আমাদের পূর্ণাঙ্গ কমিটির কাজ শেষ দিকে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কমিটি ঘোষণা করা হবে। বিগত সময়ে দেখেছি অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা আমাদের সংগঠনের অনুপ্রবেশ করে আমাদের সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। এসব ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য যথেষ্ট যাচাই-বাছাই শেষেই কমিটি দেওয়া হচ্ছে।