শেরপুরে বিএনপির হামলায় জবি শিবির নেতা আহত

Site Favicon প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:২৪
A+A-
Reset

শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি নেতার নির্দেশে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের বিতর্ক সম্পাদক নাহিদ হাসান রাসেল।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিবির নেতার পাশাপাশি জামায়াতের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের কয়েকজন সমর্থকও আহত এবং একজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা পরে আসায় চেয়ার পায়নি। পরে জামায়াতের নেতাকর্মীদের সরে বসার জন্য বলে উপজেলা প্রশাসন। হঠাৎই চেয়ার ও আশপাশে থাকা পাথর দিয়ে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় বিএনপি।

আহত শিবির নেতা নাহিদ হাসান রাসেল জানান, নির্ধারিত সময়ের আগেই ঝিনাইগাতি উপজেলায় ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আগে থেকেই উপস্থিত হয়ে আসন গ্রহণ করলে মাঠের সব চেয়ার পূর্ণ হয়ে যায়। পরে দুপুর ২টার পর বিএনপির নেতৃবৃন্দ তাদের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের অনুরোধে জামায়াতের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল তার দলের নেতাকর্মীদের স্টেজের ডান পাশের সারির চেয়ার বিএনপির জন্য ছেড়ে দিতে নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী জামায়াতের নেতাকর্মীরা চেয়ার ছাড়তে শুরু করলে বিএনপির কয়েকজন কর্মী চেয়ারে বসার পরিবর্তে চেয়ার ও আশপাশে থাকা পাথর দিয়ে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “পুরো ঘটনাটি উপজেলা প্রশাসনের সামনেই ঘটলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বিএনপির সহাবস্থানের বিপরীতে সংঘাতের রাজনীতি বেছে নিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

আপনার পছন্দ হতে পারে