জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায় একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বাসায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তাদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায় রহমান ভিলা নামক একটি ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম (রনি), বাসা মালিক আব্দুর রহমানের ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং এলাকার ভাড়াটিয়া মো. হাসিনুর।
স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামনগরে রহমান ভিলার মালিক আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের কর্মচারী। তার দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাতের মধ্যে প্রায় দ্বন্দ্ব চলে। মঙ্গলবার এমনই এক দ্বন্দ্বের জেরে মো. রায়হান তাদের বাসার দ্বিতীয় তলায় একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে বাসা মালিক রহমানের পূর্বপরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি ও পার্শ্ববর্তী ভাড়াটিয়া হাসিনুর ওই দুই ভাইয়ের বিবাদ মিটমাট করে দেওয়ার জন্য ওই ভবনে যান। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মো. রায়হান বাসায় গ্যাস লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেন। এতে ওই চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন। আহতরা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বলেন, চারজন দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। এখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।