পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপকূল ছাত্রকল্যাণ সমিতি, বরগুনা’র উদ্যোগে একযোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বনায়ন বিভাগের শ্রদ্ধেয় অধ্যাপক ড. মো. আলমগীর কবির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের শ্রদ্ধেয় সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম খলিল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. মেহেদী হাসান (অ্যাকাউন্টস অফিসার)।
অতিথিরা তাঁদের বক্তব্যে উপকূল ছাত্রকল্যাণ সমিতির ধারাবাহিক কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উপকূল ছাত্রকল্যাণ সমিতি কেবল একটি সংগঠন নয়; এটি উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের অধিকার, উন্নয়ন ও পারস্পরিক সহমর্মিতার এক শক্তিশালী প্রতীক। পড়াশোনার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের বিদায় সংবর্ধনা পর্বে বিদায়ী সদস্যদের শ্রম, নিষ্ঠা ও নেতৃত্বের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। বিদায়ী সদস্যরাও সংগঠনের সঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরে ভবিষ্যতে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সার্বিকভাবে, এ আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা!