জামায়াতের নারী কর্মীদের বেরোবি ছাত্রদল নেতার ‘ভূত’ বলে কটাক্ষ

Site Favicon প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ০২:৫৭ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৩:০৮
A+A-
Reset

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা জামায়াতে ইসলামের নারী কর্মীদের পোশাক ও পর্দা নিয়ে কটূক্তি করেছেন। তিনি তাদের ‘ভূতের’ সঙ্গে তুলনা করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি এম. সুমন সরকারের ফেসবুক পোস্টে ছাত্রদল সহ-সভাপতি তুহিন রানা মন্তব্য করেন। সম্প্রতি ‘জামায়াতে নারীদের ওপর হামলার প্রতিবাদে নারী জামায়াতের মহাসমাবেশ’ শীর্ষক একটি সংবাদ শেয়ার করেন শাখা শিবির সভাপতি। কমেন্টে তুহিন রানা লিখেছেন,
“ওই সমস্ত মহিলাদের দেখলে ভয়ও লাগে, কালো রঙের পোশাক। কেমন জানি, ভূতের মতো। নারীদের দিয়ে প্রচারণা করার প্রবণতা এত কেন?”

এ বিষয়ে বেরোবি শিবির সভাপতি এম. সুমন সরকার বলেন, নারীদের পর্দা ও পোশাককে ‘ভূত’ বলে কটাক্ষ করা শুধু রাজনৈতিক শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি স্পষ্টভাবে নারীর মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। নারীদের রাজনৈতিক অংশগ্রহণকে হেয় করার উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে।

মন্তব্যের বিষয়ে জানতে চেয়ে শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বেরোবি ছাত্রদল সভাপতি ইয়ামিন ইসলাম বলেন,
এ বিষয়ে আমি এখনো কিছু জানি না। আমাদের সংগঠন সব সময় নারীদের শ্রদ্ধা ও সম্মান করে। তিনি যদি কোনো মন্তব্য করে থাকেন, তাহলে এটি তার একান্ত ব্যক্তিগত বিষয়।

আপনার পছন্দ হতে পারে