গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) আনুমানিক রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এসময় বিকট শব্দে ক্যাম্পাস কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, রাত পৌনে ১০টার দিকে দুটি গাড়িতে করে আসা চারজন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত’ হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, শিক্ষার্থীদের আতঙ্কিত করতে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করতেই এই অপতৎপরতা চালানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে উপাচার্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর অভ্যন্তরীণ সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।