স্থানীয় সরকার ব্যবস্থার সেবা উন্নয়ন নিয়ে বেরোবিতে ওয়ার্কশপ

Site Favicon প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১৭:২৫
A+A-
Reset

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্থানীয় সরকার ব্যবস্থায় সেবা প্রদান ও সিটি কর্পোরেশনের পারফরম্যান্স বিষয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে ইউজিসি ও বিশ্বব্যাংকের হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় একটি সাব-প্রজেক্টের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় সেবার মান উন্নয়নে এই ধরনের গবেষণাভিত্তিক উদ্যোগ সময়োপযোগী। সরকার বর্তমানে ডিজিটালাইজেশনের মাধ্যমে বিভিন্ন খাতে সেবা সহজ ও দ্রুত করার চেষ্টা করছে। ভূমি অফিসে ডাটাবেজভিত্তিক ব্যবস্থার ফলে আগের ভোগান্তি অনেকটাই কমে এসেছে। সেবার মান আরও উন্নত করতে গবেষণা ও জ্ঞানভিত্তিক চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষক নিয়াজ মাখদুমের সভাপতিত্বে আয়োজিত ওয়ার্কশপে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. ফেরদৌস রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুজাহিদুল ইসলাম, বিভাগের শিক্ষক আফজাল হোসেন শাকিল এবং এ এম এম মুবাশ্বির শাহ।

প্রকল্পের সহকারী সাব-প্রজেক্ট ম্যানেজার ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম জানান, দেশের ১২টি সিটি কর্পোরেশন থেকে প্রায় দুই কোটি মানুষ বিভিন্ন সেবা গ্রহণ করে। গবেষণা প্রকল্পটির মাধ্যমে সিটি কর্পোরেশনগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে উন্নত সেবা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়ে সুপারিশ দেওয়া হবে।

প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার নিয়াজ মাখদুম বলেন, এই ওয়ার্কশপের মধ্য দিয়ে গবেষণা প্রকল্পের কার্যক্রম শুরু হলো। তথ্য সংগ্রহ শেষে পরবর্তী সময়ে আরও ওয়ার্কশপ আয়োজন করা হবে, যেখানে সংগৃহীত তথ্যের বিশ্লেষণ ও কার্যকারিতা নিয়ে আলোচনা করা হবে। এ গবেষণার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা পাওয়া যাবে।

আপনার পছন্দ হতে পারে