গতবারের তুলনায় কুবি ভর্তি পরীক্ষায় আবেদন বেড়েছে ৪৫ শতাংশ

Site Favicon প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬ ১৬:৩২
A+A-
Reset

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে আবেদন বৃদ্ধি পেয়েছে। তিনটি ইউনিটে এবছর মোট আবেদন জমা পড়েছে ৯৬ হাজার ৬১২টি, যা গত শিক্ষাবর্ষের তুলনায় ৩০ হাজার ২১০টি বেশি। শতাংশের হিসেবে আবেদন বেড়েছে ৪৫ দশমিক ৪৯ শতাংশ।

গত ২০২৪–২৫ শিক্ষাবর্ষে কুবির তিনটি ইউনিটে মোট আবেদন ছিল ৬৬ হাজার ৪০২টি। সে বছর ১ হাজার ৩০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার আসনসংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৯০টিতে। আসন কমলেও আবেদন বৃদ্ধির ফলে প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। গত বছর যেখানে আসনপ্রতি প্রতিযোগী ছিল ৬৪ জন, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জন, যা আসন বিবেচনায় গত বছরের তুলনায় ৬৮ দশমিক ৭৫ শতাংশ বেশি।

গত শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে আবেদন ছিল ৩২ হাজার ৬৫৮টি, ফলে আসনপ্রতি প্রতিযোগী ছিল ৯৩ জন। ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ২৩ হাজার ৭৯২টি এবং এখানে আসনপ্রতি প্রতিযোগী ছিল ৫৪ জন। ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে আবেদন ছিল ৯ হাজার ৯৫২টি, যেখানে আসনপ্রতি লড়েছিলেন ৪১ জন শিক্ষার্থী।

টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ২৪৭টি। ফলে এই ইউনিটে আসনপ্রতি প্রতিযোগী ১৫৪ জন। ‘বি’ ইউনিটে ৩৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৫৬৪ জন শিক্ষার্থী, যেখানে আসনপ্রতি প্রতিযোগী ৯৬ জন। অপরদিকে ‘সি’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৮০১ জন, অর্থাৎ আসনপ্রতি প্রতিযোগী ৬৪ জন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামী ৩০ জানুয়ারি, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। কুমিল্লার পাশাপাশি এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।

আপনার পছন্দ হতে পারে