বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

Site Favicon প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬
A+A-
Reset

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে।
তাহলেই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার জেনারেল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান।
গতকাল বৃহস্পতিবার রাতে ওসমানী হাদীর মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। ওই মিছিলে জাকসুর নেতৃবৃন্দ, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী), আধিপত্যবাদ বিরোধী মঞ্চসহ বিভিন্ন ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল শেষে শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সমাবেশ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এ মন্তব্য করেন।
শাখা ছাত্রশিবিরের এই নেতা বলেন, ‘রাজনৈতিক লড়াই করে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। আমাদের লড়াই শুরু হবে শহিদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চের সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে। আগামীকালকে (আজ শুক্রবার) বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে। তাহলেই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছর ধরে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এই খুনি হাসিনার দল হাজার হাজার নিষ্পাপ বাংলাদেশের দামাল ছেলেদেরকে হত্যা করেও ওর রক্ত পিপাসা মেটেনি। বিদেশে বসে এখনো বিপ্লবীদের হত্যা করার ছক করছে। আমরা আজ এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, শহীদ ওসমান হাদির রক্তের উপর দিয়ে, শহীদের রক্তের উপর দিয়ে ভারতের সাথে আর কোন সম্পর্ক থাকবে না। যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশে বৈধভাবে অবৈধভাবে বাংলাদেশে চাকরি করছে ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে ভারতে পুশব্যাক করতে হবে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে, যতক্ষণ পর্যন্ত না ওরা ওসমান হাদির খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের জনগণের কোন সম্পর্ক থাকতে পারে না।

তিনি বলেন, ‘যারা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগকে নরমালাইজ করতে চায়, আব্দুর নূর তুষারকে, আনিস আলমগীরকে যারা মিডিয়ার টক শো’তে ডাকবে সেই মিডিয়া ঘেরাও করা হবে। কে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে আমাদেরকে মনে রাখতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে ১৫ বছর রাজনৈতিক লড়াই করেছি।’

তার দেওয়া এই বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরপর আজ শুক্রবার দুপুরে তার ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্টে একটি পোস্ট করেন মোস্তাফিজুর রহমান। ওই পোস্টে তিনি লেখেন, আমার বক্তব্য স্পষ্ট করে বলেছি, শুধু রাজনৈতিক লড়াইয়ে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়না। শহীদ ওসমান হাদি ভাই ইনকিলাব মঞ্চের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী প্রক্সি উদীচী, ছায়ানটের কালচারাল হেজেমনির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল সেই লড়াই জারি রাখতে হবে। তাদের সকল আধিপত্যবাদী বয়ানকে তচনচ করে দিতে হবে। ইট, পাথরের দেয়াল ভেঙে আধিপত্যবাদকে মোকাবিলা করা যায় না, সেটা হাদি আমাদের শিখিয়েছে।

বামেদের সুরে কন্ঠ মিলিয়ে ছাত্রশক্তির জুলাই গাদ্দার আমাদের কালচারাল লড়াইয়ের সবক দেয়। অথচ জুলাইয়ের ছবি বিকৃতি করে ওরা প্রথমা থেকে বই বের করে জুলাইয়ে ইতিহাসকে প্রথম বিকৃতির সূচনা করেছিল। এভাবে মতিবাবুর কদমবুচি করে জুলাইয়ে গাদ্দাররা কালচারাল বিপ্লব করবে! ওসমান হাদির জীবিত থাকতে তার বিরুদ্ধে নষ্টামি করে বেড়ানো গাণ্ডুরা এখন মায়া কান্না দেখিয়ে কর্মসূচি দেয়। ধিক্কার তোদের মতো নরপশু জুলাই গাদ্দারদের।

আপনার পছন্দ হতে পারে