জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল জাবি

Site Favicon প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ০১:২৮
A+A-
Reset
জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও প্রতিবাদ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি)  সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত , শহীদি মর্যাদা চেয়ে মোনাজাতের মাধমে শেষ হয় ।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন-“আমরা সবাই হাদী হবো, গুলির মুখে কথা কবো ,তুমি কে, আমি কে-হাদী হাদী”; “গোলামী না আজাদী-আজাদী”; “ইনকিলাব জিন্দাবাদ”; “সন্ত্রাসীদের কালো হাত গুঁড়িয়ে দাও”; “বিচার চাই-জুলাই হামলার বিচার চাই” ইত্যাদি।
প্রতিবাদ মিছিল শেষে জাকসু সমাজসেবা সম্পাদক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আহসান লাবিব বলেন, “আজ আমরা এখানে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে আসিনি, আমরা এসেছি প্রতিবাদ জানাতে, প্রতিরোধের ঘোষণা দিতে। আমাদের ভাই শরীফ ওসমান বিন হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি চলমান দমন-পীড়ন ও আধিপত্যবাদী রাজনীতিরই অংশ।”
আমরা স্পষ্ট করে বলতে চাই, হাদির রক্ত বৃথা যাবে না। যারা ভেবেছে একজনকে হত্যা করলে আন্দোলন থেমে যাবে, তারা ভুল করেছে। এক হাদির জায়গায় হাজার হাদি জন্ম নেবে। এই মৃত্যু প্রমাণ করে, জুলাইয়ের বিপ্লব এখনো শেষ হয়নি, লড়াই এখনো চলমান।
তিনি আরও বলেন, আজ আমরা দেখছি, হত্যাকারীরা এখনো ধরা পড়েনি। সরকার ব্যর্থ, প্রশাসন নীরব। এই ব্যর্থতার দায় এড়ানো যাবে না। খুনিদের আশ্রয়দাতা ও মদদদাতাদের বিরুদ্ধেও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমরা আরও বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদ ও তার দোসরদের বিরুদ্ধে হাদি যে সংগ্রাম শুরু করেছিলেন, সেই সংগ্রাম থামবে না। এই লড়াই কেবল একজনের নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, সম্মান ও ভবিষ্যতের লড়াই।”
তিনি আরও জানান, “আজ এই জায়গা থেকে আমরা শপথ নিচ্ছি—
শহীদ হাদির আদর্শ আমরা বহন করব,অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব,
এবং ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

আপনার পছন্দ হতে পারে