জাবিতে গুলিবিদ্ধ ওসমান হাদির সুস্থতা কামনায় ছাত্রশক্তির দোয়া মাহফিল

Site Favicon প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫০
A+A-
Reset

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি-র দ্রুত সুস্থতা কামনায় জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছাত্রশক্তির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ওসমান হাদির দ্রুত আরোগ্য, তাঁর পূর্ণ সুস্থতা এবং এ ধরনের সহিংসতার অবসান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশব্যাপী চলমান সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, “হাদি ভাই এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। আমরা দেশ বাসীর কাছে হাদির ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া চাই। সেই সাথে স্বৈরাচারী হাসিনার দোসরদের হুশিয়ার করে বলে দিতে চাই আর একজন জুলাই যোদ্ধার ওপর আঘাত করার চেষ্টা করলে আমরা ঐক্যবদ্ধভাবে তার জবাব দিবো।

তিনি আরও বলেন, ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারা ইন্টেরিম গভমেন্টের ব্যর্থতার বহিঃপ্রকাশ। জুলাই যোদ্ধারদের নিরাপত্তা নিশ্চিত করা ইন্টেরিমের অন্যতম প্রধান দায়িত্ব। সামনের দিনগুলোতে যেনো আর কোনো জুলাই যোদ্ধার ওপর এই রকম আঘাত না করতে তার জন্য অতিদ্রুত অভিযান চালিয়ে সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।”

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর ওপর ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন হামলা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে সারাদেশে নিরাপত্তা ও একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব, সহ- সভাপতি  নাসিম আল তারিকসহ ছাত্রশক্তি জাবি শাখার অন্যান্য সংগঠকবৃন্দ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার পছন্দ হতে পারে