নির্বাচনের তফসিলের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, জাবি ছাত্রশক্তির প্রতিবাদ

Site Favicon প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ০০:২০ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০১:০২
A+A-
Reset

আসন্ন জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল অবৈধ ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতা-কর্মী।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বলে দাবি নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীদের। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বিষয়টি ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা।

জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী অঙ্গসংগঠন ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তফসিল অবৈধ ঘোষণা করে যে বিক্ষোভ মিছিল জাবি শাখার নিষিদ্ধ ছাত্রলীগ করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং একইসাথে বলতে চাই তারা এই সাহস দেখাচ্ছে এর সম্পূর্ণ দায় জাবি প্রশাসনের। প্রশাসন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক বিচার সম্পন্ন করলেও এখনো ছাত্রলীগের হামলাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করে নি এবং হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারকেও তারা প্রলম্বিত করছে।

বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে ছাত্রশক্তির পক্ষ থেকে এই সকল শিক্ষকদের বিচারের দাবি করলেও তারা এই বিষয় নিয়ে টালবাহনা করেই যাচ্ছে। এই বিষয়ে জাবির ছাত্রশক্তি প্রশাসনকে এক বিন্দু ছাড় দিবে না।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “৫ আগস্টের অভ্যুত্থানে হাসিনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতন হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানই তফসিলের বৈধতা। ফ্যাসিস্ট গোষ্ঠী কি বললো সেটা গুরুত্বহীন।”

তিনি আরও বলেন, “অবৈধ তফসিল অজুহাত করে জাবির নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল উদ্বেগজনক। জুলাই হামলায় জড়িতদের রাষ্ট্রীয় বিচার না হওয়ায় তারা এখনও দম্ভ দেখাচ্ছে।”

আয়ান দাবি জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে প্রশাসন গড়িমসি করছে। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

আপনার পছন্দ হতে পারে