জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সিন্ডিকেট, জুলাই হামলায় মদদদাতা শিক্ষক ও পরীক্ষার ফলাফল অনিয়মে জড়িত শিক্ষকদের অবিলম্বে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর শাখার সংগঠক মার্জিউর রহমান চৌধুরী বলেন,
একাডেমিক সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ছাত্রশক্তি এখন থেকে অল আউট অ্যাকশনে যাচ্ছে। অভিযুক্ত শিক্ষকদের বিচার নিশ্চিতে জাবি প্রশাসনের আর কোনো তালবাহানা আমরা দেখতে চাই না। অবিলম্বে এর সুরাহা আমরা দেখতে চাই। তা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। যার দায় একান্তই বিশ্ববিদ্যালয় প্রশাসনের থাকবে।
এছাড়াও জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক সংগঠক জিয়া উদ্দিন আয়ান বলেন, আমরা চাই না বিশ্ববিদ্যালয়ের আর কোনো শিক্ষার্থী শিক্ষকদের দ্বারা পরীক্ষার ফলাফল টেম্পারিংয়ের শিকার হোক। ফলাফলে অনিয়মের নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভুক্তভোগী শিক্ষার্থীদের মতো অন্য কোনো শিক্ষার্থীকে যেনো একাডেমিকভাবে হয়রানির শিকার হতে না হয়।”
তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষকদের বিচার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিন্ডিকেট, একাডেমিক দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রশাসনকে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এছাড়াও জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।