স্বৈরাচার শেখ হাসিনার সর্বোচ্চ বিচার দাবি করে একটি ব্যানার টাঙিয়ে ছিল জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। তবে ওই ব্যানার কে বা কারা খুলে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে অভিযোগ তুলেন ছাত্রশক্তির সংগঠক জিয়াউদ্দিন আয়ান।
এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করে লেখেন, হাসিনার ফাঁসির রায় কারা সহ্য করতে পারছে না? গত ১৫ নভেম্বর ট্রান্সপোর্টের যাত্রী ছাউনিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার লাগানোর প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়ে ওই জায়গায় পাল্টা ব্যানার লাগানো হয়। এতদিন ধরে যাত্রী ছাউনির সামনে ঐ ব্যানার অক্ষত অবস্থায় ছিলো কিন্তু আজ রাতে দেখলাম ঐ জায়গায় ব্যানার নেই।
তিনি আরও লেখেন, বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা কর্মকর্তা বললো গতকাল মধ্যরাতে নাকি যাত্রী ছাউনির পাশেই ব্যানার খুলে ফেলা অবস্থায় দেখেছে। কারা এই ব্যানার ছিঁড়লো? গণহত্যাকারী হাসিনার ফাঁসির রায় কাদের সহ্য হচ্ছিলো না জানতে চাই? সিসিটিভি ক্যামেরা চেক করে তাদের চেহারাগুলো সবাইকে দেখাতে চাই।