১৭ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) গেজেট থেকে বাদ পড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী সুব্রত পোদ্দারসহ ১৩ জনকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান শিক্ষার্থীরা। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয় ।
এসময় শিক্ষার্থীরা- ‘আজকে সুব্রত দাদা, কালকে আমি, পরশু তুমি’, চাকরি আমার, কষ্ট আমার, রাজনৈতিক পরিচয় কেন বাপদাদার’ প্রভৃতি লেখা প্লাকার্ড প্রদর্শনী করেন।
শিক্ষার্থীদের অভিযোগ রাজনৈতিক কারনে সুব্রত পোদ্দারকে গেজেটভুক্ত করা হয়নি।
মানববন্ধনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ জিসান আহমেদ বলেন, “বিগত বি জে এস পরীক্ষায় সকল ধাপ অতিক্রম করার পরও গোয়েন্দা তথ্য নামে ১৩ জন কে নিয়োগ করা হয় নি!! তারই মধ্যে একজন আমাদের সুব্রত পোদ্দার দাদা। যিনি হার না মানা পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছেন, যা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী অবগত। সুব্রত দাদা শান্ত ও পরিশ্রমি একজন মানুষ তিনি সকল ধাপ অতিক্রম করেও কেনো গেজেটভুক্ত হলো না তারই জবাব চেয়ে আমরা আইন বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা মানববন্ধন করেছি। আমরা প্রশাসনের কাছে তাকে কেন গেজেটভুক্ত করা হয়নি তার জবাব চাই।