মহারাজ আবুল সরকারের গ্রেফতার ও দেশব্যাপী বাউলদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘বাউলের দ্রোহ’। আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে এই বিশেষ আসর অনুষ্ঠিত হবে।
আজ শনিবার রাতে গণমাধ্যমে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাউল শিল্পী মহারাজ আবুল সরকারের গ্রেফতার এবং সারা দেশে বাউল সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়েছে। বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা ও বাউল দর্শনের ওপর আঘাতের বিরুদ্ধে গানকেই আমরা প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছি। আমাদের এই আয়োজনের শিরোনাম ‘বাউলের দ্রোহ’।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিচার গানের আসর। এতে পাল্টাপাল্টি যুক্তি ও সুরের লড়াইয়ে অবতীর্ণ হবেন প্রখ্যাত বাউল শিল্পী লতা দেওয়ান এবং নয়ন দেওয়ান। তাদের এই তাত্ত্বিক ও সুরের দ্বৈরথ উপস্থিত শ্রোতাদের বাউল দর্শনের গভীরে নিয়ে যাবে এবং অন্যায়ের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ হিসেবে গণ্য হবে। পাশাপাশি এই মঞ্চে গান পরিবেশন করবেন বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ও শক্তিমান লোকশিল্পী বগা তালেব, যার কণ্ঠ ও গায়কী তরুণ প্রজন্মের কাছে লোকগানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
এই প্রতিবাদী আয়োজনে সংহতি জানিয়ে আরও গান পরিবেশন করবেন আকাশ গায়েন, শাহ মুহাম্মদ শিপন, কমল কৃষ্ণ দাস, আবুল কালাম হাওলাদার, অভিবাদন দাস, অভিষেক রায় অর্চন, মোঃ ইমরান হোসেন, আব্দুর রাজ্জাক ভাণ্ডারী, জয়িতা অর্পা, রহমান জনি, মাহাবুব খালাসী এবং নবীন কিশোর গোস্বামী।
আমরা মনে করি, শিল্পীর কণ্ঠরোধ করার অপচেষ্টা রুখে দেওয়ার এখনই সময়। বাউলদের ওপর নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং বাঙালির সাংস্কৃতিক ও বাকস্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে এই আয়োজনে আপনারা সবাই সাদরে আমন্ত্রিত। সুরের মাধ্যমেই আমরা অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাতে চাই।