বেগম রোকে বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিন্ডিকেট সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উপাচার্য জানান, র্যাগিং ও যৌন নিপীড়নের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। ঘটনার পরপরই ২৪ ঘণ্টার নোটিশে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নেয়।
বাংলা বিভাগের ১৬তম ব্যাচের ১২ জন শিক্ষার্থী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে র্যাগিংয়ে অভিযুক্ত হন। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন ও রাফি আহমেদকে দুই শিক্ষাবর্ষ এবং আজিজুল হাকিমকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়।
এ ছাড়া বাকি ৯ জন—মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ তামি, মেঘনাথ রায়, মাসুদ রানা, সাইদুর রহমান শাকিল, সুজন মিয়া, আকরাম আলি, ফাহিম ইসলাম ও ফরাদ হোসেন—কে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অভিভাবকদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
গত রোববার (২৩ নভেম্বর) রাতে বিজয় ২৪ ছাত্র হলের ছাদে ঘটে এই র্যাগিংয়ের ঘটনা। বাংলা বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের ডেকে নেয় এবং এক পর্যায়ে ১৬তম ব্যাচের শিক্ষার্থী মামুন, ১৭তম ব্যাচের দীন ইসলামকে মারধর করে। ঘটনাস্থলেই দীন ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।