18
পাবনা ৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন। শনিবার সন্ধ্যায় চাটমোহর উপজেলায় বিএনপি প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ধন্যবাদ বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেলে পাবনা-৩ আসনের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চাটমোহর বাসস্ট্যান্ডে উপস্থিত হন বিএনপি নেতাকর্মীরা। পরে ঢাক ঢোলের তালে কয়েক হাজার নেতাকর্মীর এক বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বালুচর মাঠে এক সমাবেশে মিলিত হয়।
এ সময় কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, পাবনা ৩ কৃষিপ্রধান চলনবিলের এলাকা। পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ আসনে তাকে ধানের শীষের প্রার্থী করেছেন। আঞ্চলিকতার দোহাই দিয়ে যারা দূরে আছেন তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিয়ে তাদেরও ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।