15
জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে বহিরাগত অভিযোগ তুলে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও পথসভা করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে চাটমোহর বাসস্ট্যান্ড সমবেত হন কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মী। পরে পাবনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা কে. এম আনোয়ারুল
ইসলাম ও চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে বিশাল মশাল মিছিল বের হয়। এ সময় নেতাকর্মীরা আমার মাটি আমার মা, বহিরাগতকে দেবো না শ্লোগান দেন।
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা জিরো পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথসভা করেন।
পথসভায় সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বিএনপির হাইকমান্ডের উদ্দেশ্যে বলেন, হাসান জাফির তুহিন কেন্দ্রীয় কৃষক দল সভাপতি হলেও তিনি পাবনা-২ আসনের মানুষ। পাবনা-৩ এ তার কোন অবস্থান নেই। বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেয়ায় পাবনা-৩ এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা হতাশায় ভুগছেন। এলাকাবাসী তুহিনকে মেনে না নেয়ায় তিনি বহিরাগত ভাড়াটে লোক এনে সভা সমাবেশ করে হাসির পাত্রে পরিণত হয়েছেন। প্রার্থী পরিবর্তন না হলে এ আসনে বিএনপির ভরাডুবি হতে পারে।
সাবেক এমপি কে.এম আনোয়ারুল ইসলাম বলেন, পাবনা-৩ আসনে বিএনপির অনেক ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছেন। যারা স্বৈরাচার আওয়ামী সরকারের নির্যাতন উপেক্ষা করে দল ও সংগঠনকে ধরে রেখেছেন। তারা স্থানীয় প্রার্থী চান। আমরা বিশ্বাস করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের এই আবগের মূল্য দেবেন। বিএনপির ঐক্য ও ঐতিহ্য ধরে রাখতে পাবনা-৩ আসনে এই অঞ্চলের কোন ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী করার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।