পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্টে জয়ী হলেন যারা

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৪১
A+A-
Reset

‎‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

‎ফাইনাল খেলাকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিবিএ অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) ড. মো: আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: দেলোয়ার হোসেন এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন।

‎বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‎“খেলাধুলা তরুণদের সুস্থ, সতেজ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তোলে। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও দলগত মনোভাব আরও দৃঢ় করবে।”

‎প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‎“শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব—এসব গুণাবলী অর্জনে খেলাধুলা অপরিহার্য। বিশ্ববিদ্যালয় জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো জ্ঞান, চরিত্র ও ব্যক্তিত্বের সমন্বিত বিকাশ, আর সেই লক্ষ্য পূরণে ক্রীড়া ও সংস্কৃতি পাঠ্যক্রমেরই অংশ।”

‎তিনি আরও বলেন, ‎“আমাদের পবিপ্রবি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ এবং সাফল্য আমাদের গর্বিত করছে। আমরা চাই, পবিপ্রবির শিক্ষার্থীরা একাডেমিক উৎকর্ষের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও ক্রীড়ায় বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করুক।”

‎ফলাফল
‎‎ছেলেদের বিভাগ: বিবিএ অনুষদ ২–০ গেমে কৃষি অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

‎মেয়েদের বিভাগ: সিএসই অনুষদ ২–০ গেমে বিবিএ অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

‎ছেলেদের খেলায় ৮টি দল এবং মেয়েদের খেলায় ৪টি দল অংশগ্রহণ করে। খেলাকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অসংখ্য ক্রীড়াপ্রেমী উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

আপনার পছন্দ হতে পারে