জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। আত্মপ্রকাশের পর এটি তাদের প্রথম একক ব্যানারে মিছিল।
আজ সোমবার রাত সোয়া ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মহুয়া চত্বর থেকে মিছিল শুরু করে সংগঠনটি৷ মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক এবং জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম বলেন, ২০২৪ সালে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের পবিত্র মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বাংলাদেশের ছাত্রজনতা সেই পলাতক খুনি দাগী আসামী রক্তপিপাসুর রক্ত দিয়ে যে গোসল করতে পছন্দ করে, সেই শেখ হাসিনার নির্দয়, নির্লজ্জ, বেহায়া মহিলার আজকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। আমরা এই রায়ের সঙ্গে রায়ের সংবাদে শুধুমাত্র আনন্দিত বলছি না, আমরা চাই এই রায় তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে বাস্তবায়ন করা হোক।
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আজকে বিদেশে পলাতক খুনি হাসিনার মৃত্যুদণ্ডাদেশ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এটার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ভাই হারিয়েছেন, পিতা হারিয়েছেন, স্বামী হারিয়েছেন সেই স্বজনহারা পরিবারের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। এটা আজকে আমাদের প্রাথমিক বিজয়।