জাকসুতে সর্বোচ্চ ভোট পাওয়া কিরণকে বাদ রেখেই সিনেটে ছাত্র প্রতিনিধি চূড়ান্ত

Site Favicon প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ০২:০১
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে সিনেটের জন্য পাঁচজন ছাত্র প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে। তবে ওই পাঁচজনের মধ্যে জাকসুতে সর্বোচ্চ ৫৭০০ ভোট পেয়ে নির্বাচিত ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসনা কিরণকে রাখা হয়নি। এ নিয়ে ফেসবুকে বিভিন্নজন প্রতিক্রিয়া জানিয়েছেন।

গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। পরে রাত সোয়া বারোটার দিকে সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু।

সিনেটে যে পাঁচজন ছাত্র প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে তারা হলেন সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, সহ-সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকী মেঘলা, পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক শাফায়েত মীর। অর্থাৎ ভিপি বাদে বাকি চারজন ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সদস্যরা।

এ বিষয়ে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “কার্যনির্বাহী সভায় সবার মতামতের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠের মতামতে প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে।”

এদিকে জাকসু থেকে সিনেটে প্রতিনিধি নির্বাচনের পর বিভিন্নজন প্রতিক্রিয়া জানিয়েছেন। খোদ ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসনা কিরণও একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, লেজুড়বৃত্তিক সিনেট! সিনেট এ যাইতে পারতেছি না সংখ্যাগরিষ্ঠের ভোটের কারণে ১৯জন আমাকে সিনেট এর জন্যে চায় নি যার মধ্যে শিবির সমর্থিত জোট থেকেই ১৯ জন। শুধুমাত্র চেয়েছে লুবনা  ,লাবিব, জিতু ভাই, জিসান যে আমি যাইতে পারি সিনেটে। ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর সকল  শিক্ষার্থীদের ধন্যবাদ যারা আমাকে ৫৭৭৮ ভোট দিয়েছেন।এবং একজন সদস্য বলেছেন ক্রীড়া সম্পাদক এ আপনি মিয়া বেশি ভোট পাইছেন কিন্তু সিনেট এ পাবলিক ভোট এ আপনি যাইতেই পারতেন না। আরেকজন বলেছেন আমি ২০ জনের গণতান্ত্রিক সিদ্ধান্তকে অপমানিত করতেছি কারণ তারা ৫ জনকে নির্বাচিত করেছেন। ভিপি জিএস এজিএস ২ জন আর পরিবেশ সম্পাদক। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই ফেইস গুলোকে কখনো ভুলবো না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর।

আপনার পছন্দ হতে পারে