জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।
বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ১১–৯ গোলে চারুকলা বিভাগকে পরাজিত করে শিরোপা জয় করে।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের খেলোয়াড় জেবেদায় বম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন। খেলায় দুই দলই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, “দু’দলই আজ চমৎকার একটি খেলা উপহার দিয়েছে। আগামী এক মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আরও দু’টি খেলার মাঠ উদ্বোধন করা হবে, যাতে শিক্ষার্থীদের ক্রীড়াচর্চার সুযোগ আরও বাড়ে।”
তিনি আরও যোগ করেন, “শিক্ষা, গবেষণা ও ক্রীড়াসহ সবক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ডবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।