রেকর্ড গড়ল মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজার

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ২০:২০
A+A-
Reset

পপসম্রাট মাইকেল জ্যাকসন—তাঁর জীবন, সংগীত আর রহস্যময় ব্যক্তিত্ব সবসময়ই মানুষের অগাধ কৌতূহলের কেন্দ্রবিন্দু। সেই কৌতূহল আরও একবার পর্দায় ফুটে উঠতে যাচ্ছে। হলিউডের খ্যাতনামা পরিচালক অ্যান্টনি ফুকোয়া নির্মাণ করছেন কিংবদন্তি এই শিল্পীর জীবনভিত্তিক বায়োপিক ‘মাইকেল’। এতে তুলে ধরা হবে জ্যাকসনের জীবনের অজানা অধ্যায় ও বিশ্ব কাঁপানো কিছু পারফরম্যান্সের মুহূর্ত।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির টিজার, যা প্রকাশের পরই ঝড় তোলে অনলাইনে। মাত্র ২৪ ঘণ্টায় এটি দেখেছেন ১১৬.২ মিলিয়ন দর্শক—যা কোনো মিউজিক্যাল বায়োপিকের ক্ষেত্রে এক নতুন রেকর্ড। লায়নসগেট প্রযোজিত এই টিজারে দেখা যায়, মাইকেলের চরিত্রে তাঁরই ভাতিজা জাফর জ্যাকসনকে। টিজারে জাফরকে দেখা গেছে কিংবদন্তি গায়কের স্বাক্ষরধর্মী ভঙ্গিতে নৃত্য করতে, সঙ্গে রয়েছে জনপ্রিয় গান ‘থ্রিলার’–এর চেনা ঝলক। আগামী সপ্তাহে টিজারটি বড় পর্দায়ও প্রদর্শিত হবে বলে জানা গেছে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন মাইলস টেলার (আইনজীবী জন ব্রাঙ্কা চরিত্রে), কোলম্যান ডোমিঙ্গো (জো জ্যাকসন), ক্যাট গ্রাহাম (ডায়ানা রস), নিয়া লং (ক্যাথরিন জ্যাকসন), লরা হ্যারিয়ার (সুজান দে পাস), কেনড্রিক স্যাম্পসন (কুইন্সি জোন্স) ও জুলিয়ানো ক্রু ভ্যালদি (কৈশোরের মাইকেল)।

সিনেমা সম্পর্কে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সিনেমাটিতে তুলে ধরা হবে সংগীতের বাইরের মাইকেল জ্যাকসনের জীবনের গল্প। যেভাবে জ্যাকসন ফাইভ ব্যান্ডের তরুণ প্রতিভা থেকে তিনি হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে বড় বিনোদনশিল্পী। তাঁর মঞ্চের বাইরের জীবন ও একক সংগীতজীবনের সোনালি মুহূর্তগুলো দর্শক দেখবেন একেবারে কাছ থেকে—যেখানে শুরু হয়েছিল তাঁর পথচলা।

আপনার পছন্দ হতে পারে