জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (JUDSAA) আয়োজিত ‘স্পোর্টস কার্নিভাল ২০২৫’–এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
শনিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
এ সময় উপাচার্য বলেন, “অ্যালামনাইরা একটি বিভাগের গৌরব ও ঐতিহ্যের ধারক। তাঁদের এমন উদ্যোগ বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক উদ্দীপনা সৃষ্টি করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী আরিফুর রহমান, জাবি পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা রইছ, স্পোর্টস কার্নিভালের যুগ্ম আহ্বায়ক ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. ওয়াহিদুজ্জামান, এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, এই স্পোর্টস কার্নিভালের মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও ক্রীড়া মনোভাব আরও জোরদার হবে।
রেজিস্ট্রেশন উদ্বোধন শেষে উপাচার্য পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্যে স্থাপিত একটি আধুনিক গবেষণাগার (ল্যাব) পরিদর্শন করেন উপস্থিত অতিথিরা।
উল্লেখ্য, স্পোর্টস কার্নিভাল ২০২৫ আগামী ৬ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেবেন ম্যারাথন দৌড়সহ বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমসে।